# মোহাম্মদপুরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, কুপিয়ে জখম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-02
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mohammdpure-puliser-oopr-kisor-gzangyer-hamla-kupiye-jkhm](https://dailyfulki.com/article/mohammdpure-puliser-oopr-kisor-gzangyer-hamla-kupiye-jkhm)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1757.md](https://dailyfulki.com/news/1757.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে কিশোর গ্যাং এর সদস্যরা। এসময় আল-আমিন নামে আদাবর থানার এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

 

‎‎স্থানীয়রা জানান,  সোমবার রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনিসহ তাদের সহযোগী নাজির, ওসমান, দাঁতভাঙ্গা সুজন, কব্জি কাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজু মিলে পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। ওই সময় ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে এলোপাতাড়ি  কুপিয়ে জখম করে তারা। পরে আহত পুলিশ সদস্যকে গুরুতর  অবস্থায় উদ্ধার কর হাসপাতালে নেয়া হয়।

 

স্থানীয়রা বলেন,  মোহাম্মদপুর-আদাবর ভয়ঙ্কর কিশোর গ্যাং 'কবজি কাটা' গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি। তারা আদাবর-১০ এলাকায় বালুর মাঠে বসে পুরো আদাবর এলাকা নিয়ন্ত্রণ করে। কবজি কাটা আনোয়ার জেল হাজতে থাকায় তার হয়ে এলাকায় এ দুই কিশোর গ্যাং বাহিনী ত্রাস সৃষ্টি করে। এর আগেও বেশ কয়েকবার বহু মানুষকে কুপিয়ে হত্যা করেছে তারা। তাদের প্রশাসন গ্রেফতার করার কয়েকদিনের মধ্যেই আদালত জামিন দিয়ে দেয়। এরপর পুনরায় এসে তারা আবার একই কাজ শুরু করে।

 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  তেজগাঁও বিভাগের উপ- পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের ঝামেলার খবর পেয়ে পুলিশ আদাবরের ওই এলাকায় একটি গাড়ি নিয়ে যায়। আহত পুলিশ সদস্য আল-আমিন তখন  গাড়ির কাছে ছিলেন। এরই মধ্যে হঠাৎ একটি পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
