# আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৪ জন গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-30
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-rzab-pricye-dakatir-ceshtakale-4-jn-greftar](https://dailyfulki.com/article/asuliyay-rzab-pricye-dakatir-ceshtakale-4-jn-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1675.md](https://dailyfulki.com/news/1675.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে র‌্যাবের পোশাক, ওয়াকিটকি, লেজার লাইট ও সুইচ গিয়ার চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-পটুয়াখালী জেলার গলাচিপা থানার ডাকুয়া এলাকার মৃত মতলেব ওরফে মুমিন মৃধার ছেলে আল-আমিন মৃধা (৪০),  ফরিদপুর জেলার সদরপুর থানার চরকান্দি এলাকার মোঃ জয়নাল বেপারীর ছেলে মামুন বেপারী (৩০), মাদারীপুর জেলার শিবচর থানার শৈল্যা মগরা এলাকার মৃত হোসেন হাওলাদারের ছেলে সেন্টু হাওলাদার (৩৫) এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট ফাউসা এলাকার মোঃ সেলিমের ছেলে মোঃ তপু (৩০)।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাইক্রোবাস ও হাইচ গাড়ি ব্যবহার করে ভুয়া র‌্যাব পরিচয়ে বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তাদের দেহ তল্লাশি করে ১টি সুইচ গিয়ার চাকু, ২টি র‌্যাবের কটি, ১টি ওয়াকিটকি, ১টি লেজার লাইট ও একটি নতুন গামছা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাইক্রো ও হাইচ গাড়ি যোগে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের সাথে জরিত থাকার কথা স্বীকার করেছে। এদের মধ্যে আল-আমিন মৃধা ও মামুন বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইয়ের মতো অপকর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
