# আশুলিয়ায় কাভার্ডভ্যান চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-30
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-kavardvzan-calkke-htzar-ghtnay-greptar-5](https://dailyfulki.com/article/asuliyay-kavardvzan-calkke-htzar-ghtnay-greptar-5)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1672.md](https://dailyfulki.com/news/1672.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ১২টার দিকে আশুলিয়া থানা ভবনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে শুক্রবার সকালে ১০টার দিকে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-শরীয়তপুর জেলার নড়িয়া থানার আটগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নান বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জ সদর থানা বেউথা এলাকার মৃত খোকন বেপারীর ছেলে মৃনাল বেপারী (৩০), মানিকগঞ্জ সদর থানার চরগুসতা এলাকার মোঃ হোসেন আলীর ছেলে আলামিন ইসলাম সজীব (২৫), চাঁদপুর সদর থানার গুলিশা এলাকার সেকান্ত মিজি ওরফে সেকেন্দার মিজির ছেলে বাবু মিজি (৩০) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পল্লী বিদ্যুৎ এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ ইমরান (২২)। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। নিহত শামীম হোসেন (২৭) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে শাহীনুর কবির বলেন, গত ২৫ আগস্ট আশুলিয়ার বিশমাইল এলাকায় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চালক শামীম হোসেন হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩ টি সুইচ গিয়ার চাকু, ১টি কাঠের গোলাকার লাঠি ও ১টি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আজ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
