# যারা পেছন থেকে খেলার চেষ্টা করছে, তাদের হাত ভেঙে দেওয়া হবে: সারজিস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-30
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zara-pechn-theke-khelar-ceshta-krche-tader-hat-venge-deooza-hbe-sarjis](https://dailyfulki.com/article/zara-pechn-theke-khelar-ceshta-krche-tader-hat-venge-deooza-hbe-sarjis)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1645.md](https://dailyfulki.com/news/1645.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

শুক্রবার (২৯ আগস্ট) রাতে নুরুল হক নুরের ওপর হামলার ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে তিনি এ প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নুর ভাইয়ের ওপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না।

সারজিস বলেন, সেনাবাহিনী কখনো উপরের নির্দেশ ছাড়া একটি পদক্ষেপও নেয় না। সেনাবাহিনীর ভেতর থেকে কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো, তার জবাব সেনাপ্রধানকে দিতে হবে। একইসঙ্গে সেনাবাহিনীর ভেতরে কারা একটি রাজনৈতিক দলের সভাপতিকে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে, সেটাও খুঁজে বের করতে হবে।

তিনি আরও দাবি করেন, পুলিশের মধ্যকার যে আওয়ামী দালালরা এখনো রয়ে গেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শেষে তিনি লেখেন, সেনাবাহিনী এবং পুলিশ নুরুল হক নূরকে ভালোভাবেই চেনে। তারপরও পরিকল্পনা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। যারা পেছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।

এর আগে এই ঘটনা নিয়ে আরেকটি পোস্ট করেন সারজিস। তিনি বলেন, প্ল্যান–বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। এ কারণে জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া–দক্ষিণপাড়া মিলে একাকার হয়ে গেছে। নূর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটি। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে সব দলকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এমন ঘৃণ্য হামলার নিন্দা জানাই। আওয়ামী লীগ যেমন অপরাধী, তেমনি এর দোসর, ‘বি টিম’ এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক, তাদের পরিণতিও একই হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
