# আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার, নারীসহ আটক ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-4-lakh-takar-jal-not-uddhar-nareesh-atk-2](https://dailyfulki.com/article/asuliyay-4-lakh-takar-jal-not-uddhar-nareesh-atk-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1605.md](https://dailyfulki.com/news/1605.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার রাতে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার মোট ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন আশুলিয়া থানার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) এবং ডেন্ডাবর নতুনপাড়া এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। তন্নী আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, বুধবার রাতে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাসায় কিছু ব্যক্তি জাল নোট নিয়ে অবস্থান করছে। পরে রাত ৮টারদিকে ওই এলাকার মিজানুর রহমানের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় সানজিদাসহ দুইজনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন জেলা থেকে আশুলিয়ায় এসে তারা ভাড়া বাসায় অবস্থান করে এ অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।”

 

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
