# জুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-27
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/julai-snder-ongoeekarnama-sngsodhn-krbe-kmisn](https://dailyfulki.com/article/julai-snder-ongoeekarnama-sngsodhn-krbe-kmisn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1584.md](https://dailyfulki.com/news/1584.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুলাই সনদের খসড়া নিয়ে দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। অঙ্গীকারনামার যেসব বিষয় নিয়ে আপত্তি উঠেছে, সেগুলোর গুরুত্ব বিবেচনা করে পরিবর্তন, পরিবর্ধন ও ভাষাগত সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ বুধবার কমিশন নিজেদের মধ্যে এ বিষয়ে বৈঠক করে। দলগুলোর মতামত সমন্বয় করে খসড়ায় আবার সংশোধনী আনা হবে।

কমিশনের এক সদস্য বলেন, ‘জুলাই সনদ পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। একই সঙ্গে খুব শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের বৈঠক শুরু হবে। খসড়ার যেসব বিষয়ে দলগুলো আপত্তি তুলেছে, সেগুলো নিয়ে, বিশেষ করে, অঙ্গীকারনামার যে বিষয়গুলো নিয়ে দলগুলোর আপত্তি রয়েছে, সেগুলোর ভাষাগত পরিবর্তন করা হবে।

ওই সদস্য জানান, প্রাথমিকভাবে কয়েকটি দলের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করা হবে। পরে একসঙ্গে সব দলের সঙ্গে বৈঠক হবে।

১৬ আগস্ট ৩০টি রাজনৈতিক দল ও জোটের কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫-এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ইসলামী ঐক্যজোট ছাড়া ২৯টি দল ও জোট তাদের মতামত কমিশনে পাঠিয়েছে। দলগুলোর মতামতের সারসংক্ষেপ নিয়ে আজ বৈঠক করে ঐকমত্য কমিশন।

ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার ওপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় ৷ জাতীয় সনদে কীভাবে এসব মতামতের প্রতিফলন ঘটানো যায়, তা বিশ্লেষণ করা হয়। মতামতগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে জাতীয় সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো গঠনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে সম্ভাব্য বিকল্পগুলোও বৈঠকে আলোচিত হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর আপত্তি ও পরামর্শগুলো গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করছে কমিশন। যাতে সমন্বিতভাবে সবার মতামতের প্রতিফলন ঘটানো যায় এবং একই সঙ্গে সনদের আইনি ও সাংবিধানিক দিকও বিবেচনায় থাকে।

অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া ও ঐকমত্য গঠনপ্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
