# ইসির নির্বাচনি রোডম্যাপ অনুমোদন, ঘোষণা আসছে শিগগিরই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-27
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/isir-nirwacni-rodmzap-onumodn-ghoshna-asche-siggiri](https://dailyfulki.com/article/isir-nirwacni-rodmzap-onumodn-ghoshna-asche-siggiri)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1573.md](https://dailyfulki.com/news/1573.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপেোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন; এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ এ নিয়ে বৈঠক করেছেন।

বেলা ১ টায় সিইসির কক্ষ থেকে বের হয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, "কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।”

 

সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত শুনানি শেষ হচ্ছেও এদিন। বিকালে সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশন সচিবের ব্রিফিং করার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, "আমরা ব্রিফিংয়ে আসব। তখন সীমানার শুনানির বিষয়টির পাশাপাশি এ বিষয়টিও দেখা যাবে।"

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা’ নিয়ে চার নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তা বৈঠকে বসেছিলেন।

 

ওইদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, বিস্তারিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়নসূচির বিষয়ে ব্রিফ করা হবে।

ভোট প্রস্তুতির বিষয়ে ইসির পক্ষ থেকে ইতোমধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পযবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা বিষয়গুলো তুলে ধরা হয় রোডম্যাপে।

গেল ৫ অগাস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন।

 

পরদিন নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি।

তফসিল সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের কর্মপরিকল্পনা তুলে ধরে রোডম্যাপ ঘোষণা করার কথা বলেছিলেন ইসি সচিব।

এবারের রোডম্যাপে কী থাকছে, সেই ধারণ দিতে গিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, তারা অক্টোবরের মধ্যে ‘মূল প্রস্তুতি’ সেরে ফেলতে চান।

এ সময়সীমার মধ্যে সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার, আচরণবিধিমালা জারি ও ভোটার তালিকার মতো বিষয় চূড়ান্ত করে ফেলার কথা রোডম্যাপে তুলে ধরা হবে।

এছাড়া রোডম্যাপের মধ্যে সংলাপ, মত বিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়নসূচি রয়েছে।

রোডম্যাপের ধারাবাহিকতা

নির্বাচন কমিশন প্রাক-নির্বাচন ও তফসিল পূর্ববর্তী ‘প্রাথমিক কর্মপরিকল্পনা’ এবং তফসিল ঘোষণার পর নির্বাচন পরিচালনার জন্য ‘কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের সূচি’ সংক্রান্ত করণীয় কাজের তালিকা তৈরি করে কাজের সুবিধার জন্য।

২০০৭-২০০৮ সালে প্রথমবারের মত রোডম্যাপ ঘোষণা করে তৎকালীন ইসি। ২০০৭ সালের ১৫ জুলাই দেড় বছরের রোডম্যাপ দেওয়া হয়, সেখানে ২০০৮ সালে অক্টোবর-ডিসেম্বরে তফসিল ও ভোটের সময়সূচি ধরা হয়। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। আইন-বিধি সংস্কার, দল নিবন্ধনের পর সেই ভোটার তালিকা দিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচন হয়।

পরবর্তী সময়ে বিষয়টি রোডম্যাপ বা অ্যাকশনপ্ল্যান বা কর্মপরিকল্পনা বা চেক লিস্ট (করণীয় কাজের তালিকা) নামে পরিচিতি পায়।

দশম সংসদ নির্বাচনের দুই বছর আগে রোডম্যাপ ঠিক করে তৎকালীন ইসি।

একাদশ সংসদ ২০১৮ সালে অক্টোবরের মাঝামাঝি ভোটের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নসূচি অনুমোদন করে তৎকালীন কমিশন।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২০২২ সালের সেপ্টেম্বরে ‘কর্মপরিকল্পনা প্রকাশ’ অনুষ্ঠান করে তখনকার ইসি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
