# আজানের শব্দে ‘অসুবিধা হচ্ছে’ বলায় বিএনপি নেতার প্রতিবাদ, ছুরিকাঘাতে হত্যা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-27
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ajaner-sbde-osubidha-hcche-blay-bienpi-netar-prtibad-churikaghate-htza](https://dailyfulki.com/article/ajaner-sbde-osubidha-hcche-blay-bienpi-netar-prtibad-churikaghate-htza)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1563.md](https://dailyfulki.com/news/1563.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাজিরা (শরীয়তপুর) সংবাদদাতা : শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়া নিয়ে বিরোধের জেরে খবির সরদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার একটি মসজিদে মাইকে ফজরের আজান ও বয়ান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে—এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেন আলমাস সরদার নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলমাস সরদার।

মঙ্গলবার রাতে বাড়ির সামনে খবির সরদারকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন আলমাস। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার অভিযোগ করে বলেন, আজান ও বয়ান বন্ধ করতে ইমামকে হুমকি দিয়েছিল আলমাস সরদার। আমরা প্রতিবাদ করলে সে আরও ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছে।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটতে পারে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
