# ধামরাইয়ে বেতন না দিয়ে পোশাক কারখানা বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-26
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-betn-na-diye-posak-karkhana-bndh-prtibade-bikshov](https://dailyfulki.com/article/dhamraye-betn-na-diye-posak-karkhana-bndh-prtibade-bikshov)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1550.md](https://dailyfulki.com/news/1550.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে মম ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা শ্রমিকদের বেতন না দিয়ে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় কারখানার সামনের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।  

এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর প্রায় এক ঘণ্টা পর শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়। 
আন্দোলনরত শ্রমিকরা জানান, মঙ্গলবার সকালে কারখানায় এসে গেটে তালা ও কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান তারা। নোটিশে বন্ড লাইসেন্স সংক্রান্ত জটিলতায় আমদানি বন্ধ ও ক্রয়াদেশ না পাওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে সকাল ৮টারদিকে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

একপর্যায়ে তারা চলতি মাসের পূর্ণ বেতন ও বিভিন্ন পাওনাদি পরিশোধসহ ছয় দফা দাবি তুলে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনী গিয়ে সকাল ৯টার দিকে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেন। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। 

শ্রমিকদের দাবিগুলো হলো-আগস্ট মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে, শ্রম আইন অনুযায়ী ১২০ দিনের বেতন পরিশোধ করতে হবে, বাৎসরিক ছুটির টাকা দিতে হবে, চাকরির বয়সসীমা অনুযায়ী সার্ভিস ফি দিতে হবে, ঈদ বোনাস দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। ছয়দফা দাবি করেছেন তারা।  

নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষোভরত একাধিক শ্রমিক বলেন, সোমবার আমরা ডিউটি করেছি। মঙ্গলবার সকালে এসে গেটে তালা ও বন্ধের নোটিশ দেখি।  তারা আরো বলেন, কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেওয়ায় এতগুলো লোক কোথায় যাবে? চাকরি কোথায় পাবে? কিভাবে চলবে? আমরা ১২০ দিনের বেসিক, ছুটির পাওনাসহ শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করার দাবি জানাচ্ছি।

মম ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, গত তিন মাস ধরে কাজ না থাকায় শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত ছুটি দেওয়া হয়েছে। এই শ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স সম্পর্কিত বড় ধরনের জটিলতা হওয়ায় সব প্রকার আমদানি বন্ধ আছে। যার সমাধান সময়সাপেক্ষ। লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে ক্রেতারাও কাজ দিতে অপারগতা প্রকাশ করেছেন। 

এছাড়া অন্য কোনো কাজও পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ইং এর ১২ এবং ১৬ ধারা মোতাবেক ২৬ আগস্ট ২০২৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করা হলো। এই সময়ে প্রতিষ্ঠানের সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন ২০০৯ এর ধারা ১৬ মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া এরমধ্যে পরিস্থিতি উন্নতি হলে কারখানার নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মম ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনির হোসেন বলেন, আমাদের কারখানায় কাজকর্ম নেই। কারখানা ১ মাস ১৫ দিন লে অফ করা হয়েছে। এজন্য শ্রমিকরা বিভিন্ন দাবি করেছেন। আমরা তাদের নিয়ে বসে সমাধান করার চেষ্টা করবো। 
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, মালিক, শ্রমিক ও বিজিএমইএ সবাই মিলে বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কারখানাটি সোমবার রাতে লে অফ করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করে প্রায় ৪০ মিনিটের মতো সড়ক অবরোধ করে রাখে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
