# সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানচালক নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-25
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-chintaikareer-churikaghate-sah-siment-kompanir-kavard-vzancalk-niht](https://dailyfulki.com/article/savare-chintaikareer-churikaghate-sah-siment-kompanir-kavard-vzancalk-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1523.md](https://dailyfulki.com/news/1523.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানচালক মো. শামীম হোসেন (৩০) মারা গেছেন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান। 

এরআগে সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে কাভার্ড ভ্যান চালককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
পরে সাগর আলী নামের এক অটোরিকশাচালক কাভার্ড ভ্যানচালক শামীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শামীম হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় থেকে শাহ্ সিমেন্ট কম্পানির কাভার্ড ভ্যান করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সিমেন্ট সরবরাহ করতেন।

ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক সাগর আলী বলেন, ‘আমি বিশমাইলে যাত্রী নিয়ে গিয়েছিলাম।

ফেরার পথে সকাল ৮টার দিকে বিশমাইলে লোকজনের জটলা দেখি। পরে সেখানে গিয়ে দেখি শামীম নামের ওই গাড়ি চালক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেখান থেকে আমার রিকশায় শামীমকে তুলে এনাম মেডিক্যালে নিয়ে আসি। হাসপাতালের ভেতরে নেওয়ার সময় তিনি মারা যান।

তার শরীর থেকে অনেক রক্ত ঝরেছিল। তিনি নিস্তেজ ছিলেন বিধায় তেমন কিছু বলতে পারেননি। 

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলী বিন সোলাইমান বলেন, ‘সকাল সোয়া ৮টার দিকে আমাদের হাসপাতালে রক্তাক্ত অবস্থায় একজন গাড়ির চালককে আনা হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমরা চিকিৎসার সুযোগ পাইনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’

শাহ্ সিমেন্ট কোম্পানির পরিদর্শক মো. হানিফ সিকদার বলেন, ‘খবর পেয়ে দ্রুত হাসপাতালে চলে আসি। এখনো ঘটনাস্থলে যাইনি। শুনেছি ছিনতাইকারী আমাদের চালক শামীমকে ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। তবে তার কাছ থেকে কি কি ছিনতাই হয়েছে তা এখনো জানি না।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘আমি সকালে কিলো ডিউটি করছিলাম। এ সময় খবর পাই এনাম মেডিক্যালে একটি লাশ আছে। খবর পেয়ে হাসপাতালে এসে প্রাথমিক সুরতহাল করেছি। সুরতহাল করে নিহতের পায়ের হাঁটুর ওপর গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
