# লুটের অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/luter-ostrer-tthz-dile-srwocc-5-lakh-taka-purskar](https://dailyfulki.com/article/luter-ostrer-tthz-dile-srwocc-5-lakh-taka-purskar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1519.md](https://dailyfulki.com/news/1519.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গতবছরের জুলাই-আগস্টের অস্থিরতার মধ্যে বিভিন্ন থানা ও স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে নগদ পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে সঠিক তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
ঘোষিত পুরস্কার অনুযায়ী—

পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা

চায়নিজ রাইফেলের ক্ষেত্রে ১ লাখ টাকা

এসএমজির ক্ষেত্রে ১.৫ লাখ টাকা

এলএমজির তথ্য দিলে ৫ লাখ টাকা

প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন থানা-ফাঁড়ি ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়। সর্বশেষ হিসাবে এখনো ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র এবং ২,৫৭,৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধারের বাইরে রয়েছে। এসব অস্ত্র অপরাধকর্মে ব্যবহৃত হচ্ছে বলেও তথ্য পেয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

নির্বাচনকে ঘিরে শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল ও জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান এবং দুর্নীতি বা অপরাধে জড়িত কারও বিরুদ্ধে তথ্য দেওয়ার আহ্বান জানান।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
