# যুবদল নেতা মাসুদ রানা হত্যা: ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-25
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zubdl-neta-masud-rana-htza-chy-asamir-zabjjeebn-karadnd](https://dailyfulki.com/article/zubdl-neta-masud-rana-htza-chy-asamir-zabjjeebn-karadnd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1516.md](https://dailyfulki.com/news/1516.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নড়াইল সংবাদদাতা : নড়াইলে যুবদল নেতা মাসুদ রানাকে গুলি করে হত্যার ঘটনায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন– কাজল মোল্লা, সেতু মোল্লা, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিটু মোল্লা, লিংকু শেখ এবং তপু খান ওরফে হাচিব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা ও হাসমত মোল্লাকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আর নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা ও সম্রাট মোল্লাকে এক বছর করে কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার মোট ৩৬ আসামির মধ্যে বাকি ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবদুর রশীদ মোল্লা।

নিহত মাসুদ রানা ছিলেন নড়াইলের কালিয়া উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক। মামলার বিবরণে উল্লেখ করা হয়, এলাকায় আধিপত্যের বিরোধ এবং নবগঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ২০২০ সালের ৫ অগাস্ট সকালে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের কাজল ও তার সহযোগীরা গুলি চালিয়ে মাসুদ রানাকে হত্যা করে। এসময় আরও কয়েকজন আহত হন।

এ ঘটনায় পরদিন ৬ অগাস্ট নিহতের ছোট ভাই মামুন শেখ কালিয়া থানায় ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এস আই মিল্টন কুমার দেবদাস ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে বাদীপক্ষের আবেদনে মামলাটি নড়াইল জেলা থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করা হয়। বিচার চলাকালে আদালত ৪০ জনের সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে সোমবার এ রায় দেন।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
