# সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানি শুরু আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-24
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sngsdeey-asner-seemana-nirdharner-sunani-suru-aj](https://dailyfulki.com/article/sngsdeey-asner-seemana-nirdharner-sunani-suru-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1495.md](https://dailyfulki.com/news/1495.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু হচ্ছে আজ রোববার থেকে। যা চলবে বুধবার পর্যন্ত। এ চারদিনে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘সীমানা নির্ধারণে দাবি-আপত্তির যে আবেদনগুলো এসেছে সেগুলোর শুনানি শুরু হবে রোববার থেকে। যা চলবে বুধবার পর্যন্ত।এসব দাবি-আপত্তির বিষয়ে শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

 

তপশিল অনুযায়ী- আজ রোববার দুপুর ১২টা থেকে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের বিপরীতে ৬৮৩টি দাবি-আপত্তির শুনানি গ্রহণ করা হবে। পরদিন সোমবার খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি গ্রহণ করা হবে। মঙ্গলবার ঢাকা অঞ্চলের ৩১৬টি আসনের দাবি-আপত্তির শুনানি গ্রহণ করবে ইসি এবং সবশেষ বুধবার রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি ময়মনসিংহের ৩টি, ফরিদপুরে ১৮টি এবং সিলেট অঞ্চলের দুটি আসনের শুনানি অনুষ্ঠিত হবে।

দাবি-আপত্তিগুলো শুনানি শেষে সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এর আগে, নির্বাচন কমিশনে মোট ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়ে। সবচেয়ে বেশি আবেদন পড়ে কুমিল্লা অঞ্চল থেকে ৬৮৩টি। সবচেয়ে কম আবেদন ছিল রংপুর অঞ্চলে ৭টি। সবচেয়ে বেশি আবেদন পড়ে একক আসন হিসেবে কুমিল্লা-১ আসনে, ৩৬২টি। পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসন থেকে আবেদন পড়ে ২৮৭টি। সিরাজগঞ্জ ৫ ও সিরাজগঞ্জ ৬ আসন থেকে আবেদন পড়ে ২২০টি। এদিকে ঢাকার মধ্যে ঢাকা-১ আসনে আবেদন পড়ে সবচেয়ে বেশি ৭৯টি।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় ১টি আসন বাড়িয়ে ৬টি করা হয়। এবং বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টির প্রস্তাব করা হয়।

এছাড়া পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। এগুলো হলো- পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরীয়তপুর ২ ও ৩; ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
