# গুম কমিশনে নিখোঁজ ২০০ জনের তালিকা দিল ইউভিইডি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gum-kmisne-nikhonnj-200-jner-talika-dil-iuviidi](https://dailyfulki.com/article/gum-kmisne-nikhonnj-200-jner-talika-dil-iuviidi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/146.md](https://dailyfulki.com/news/146.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টর : গুম প্রতিরোধ ও প্রতিকারের অগ্রাধিকার বিষয়ে গুমসংক্রান্ত তদন্ত কমিশন ও ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের (ইউভিইডি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংগঠনটির মুখ্য আহ্বায়ক এবং সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আগতদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। ঘন্টাব্যাপী বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

বৈঠকে সংগঠনের পক্ষ থেকে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে গুম থেকে ফেরত না আসা ২০০ জনের একটি তালিকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের বর্তমান অবস্থা শনাক্তে কমিশনের সহযোগিতা চাওয়া হয়।

এছাড়া গুমের শিকার ফিরে আসা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়েও আলোচনা হয়। গুম অবস্থা থেকে ফিরে আসা ব্যক্তিদের ও নিখোঁজ পরিবারের সদস্যদের জন্য ক্ষতিপূরণ ও আর্থসামাজিক পুনর্বাসন এবং গুমের ঘটনাগুলোর বিষয়ে বিচারিক উদ্যোগ গ্রহণ আলোচনায় গুরুত্ব পায়।

গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও তার প্রয়োগের বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত ছিলো।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অভিমত প্রকাশ করেন।
 

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
