# রোনালদোর প্রপোজের আংটি নিয়ে বিতর্ক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-21
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ronaldor-prpojer-angti-niye-bitrk](https://dailyfulki.com/article/ronaldor-prpojer-angti-niye-bitrk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1448.md](https://dailyfulki.com/news/1448.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

বিশ্ব ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গত সপ্তাহে আংটি পরিয়ে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বাগদানের প্রস্তাব দেন। ৩১ বছর বয়সী এই মডেল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবন আর পরের সব জীবনেও।’ ছবিতে দেখা যায় বিশাল এক আংটি, যা মুহূর্তেই আলোচনায় চলে আসে। তবে এবার জানা গেল রোনালদো ভুল আংটি দিয়ে প্রপোজ করেছিলেন জর্জিনাকে। 

 

জুয়েলারি বিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজের মতে, এই আংটি বাগদানের জন্য উপযুক্ত নয়। তিনি কোরিয়েরে দেল্লো স্পোর্তে-কে বলেন, ‘এটা বাগদানের আংটির মানদণ্ড পূরণ করে না। কারণ এটা বিশাল আর ভারী। প্রায় ৪০ ক্যারেট ওজনের এই পাথর আসলে আংটির জন্য নয়, বরং নেকলেসে মানানসই। আঙুলে এমন আংটি অস্বস্তি তৈরি করে, স্বাভাবিক নড়াচড়া কমিয়ে দেয়। কেবল আংটির ডিজাইন বা সেটিং ঠিক আছে, বাকিটা ভুল।’

তিনি আরও জানান, এই আংটি আসলে প্রতিদিনের ব্যবহারের প্রতীক নয়। তার ভাষায়, ‘এগুলো বড় আর ঝকঝকে আংটি, যা বিশেষ আয়োজন বা উৎসবের জন্য বানানো হয়, প্রতিদিনের ভালোবাসা আর প্রতিশ্রুতির প্রতীক নয়। বাগদানের আংটি সাধারণত হলুদ বা সাদা সোনার হয়, আরামদায়ক হয় এবং আঙুল নড়াচড়া করতে দেয়। কারণ এটা প্রতিদিন পরার জন্য, যা ভালোবাসা আর বিশ্বস্ততার প্রতীক। মূলত এই আংটি বেশি মানায় গালা বা ককটেল অনুষ্ঠানে নজর কাড়তে, কিন্তু প্রতিদিনের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে নয়।’

এদিকে, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন রোনালদো-রদ্রিগেজ, তা এখনো স্পষ্ট নয়। ২০১৬ সালে শুরু হওয়া তাদের সম্পর্ক এরই মধ্যে তিন সন্তানের জন্ম দিয়েছে। অন্যদিকে রোনালদো এখন মাঠের প্রস্তুতিতে ব্যস্ত। সামনে রয়েছে সৌদি সুপার কাপের ফাইনাল, যেখানে আল-নাসর খেলবে আল-কাদিসিয়া অথবা আল-আহলির বিপক্ষে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
