# সুয়ারেজের জোড়া পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির জয়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-21
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/suyarejer-jora-penaltite-mesibiheen-mayamir-jy](https://dailyfulki.com/article/suyarejer-jora-penaltite-mesibiheen-mayamir-jy)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1439.md](https://dailyfulki.com/news/1439.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর ফিরলেও আবারও অস্বস্তি অনুভব করায় বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই জয় পেয়েছে ইন্টার মায়ামি। লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের জোড়া পেনাল্টি গোলেই মেক্সিকান ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মায়ামি।

চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। নির্ভুল শটে ডানপাশের নিচের কোন দিয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তবে বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানোকে। ফলে ডাগআউটে থাকতে না পেরে বাকি সময় সহকারী কোচকে ফোনে নির্দেশনা দেন তিনি।

 

 

৬৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। কিন্তু শেষ মুহূর্তে আবারও ভরসা দেন সুয়ারেজ। ৮৯ মিনিটে দ্বিতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি।

অবশেষে ২-১ ব্যবধানে জিতে লিগস কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে মায়ামি। ওরল্যান্ডো সিটি ও তালুকার যেকোনো একটি দলের সঙ্গে তারা সেমিতে লড়বে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
