# সরকারি অনুদান চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করবে মন্ত্রণালয়: তথ্য উপদেষ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-20
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/srkari-onudan-clccitrer-manonnyne-shzogita-krbe-mntrnaly-tthz-updeshta](https://dailyfulki.com/article/srkari-onudan-clccitrer-manonnyne-shzogita-krbe-mntrnaly-tthz-updeshta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1432.md](https://dailyfulki.com/news/1432.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক :  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্রের মানোন্নয়নবিষয়ক কর্মশালা আয়োজন করা হবে। এতে আমন্ত্রণ জানানো হবে চলচ্চিত্র বিশেষজ্ঞ ব্যক্তিদের। এই কর্মশালা চলচ্চিত্রের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজকদের কাছে অনুদানের প্রথম কিস্তির মঞ্জুরিপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

 

সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাই প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এবারে চলচ্চিত্র বাছাই করা হয়েছে। এ বছর অনুদানের জন্য মনোনীত চলচ্চিত্রগুলোর গল্পের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে। 

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ঘটনাপ্রবাহের আলোকে সংবেদনশীলতা বজায় রেখে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। 

অনুদানে নির্মিত চলচ্চিত্র সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারি অনুদানে নির্মিত সব চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে। ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় এসব চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করবে।

নির্ধারিত সময়ের মধ্যে অনুদানের চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে অনুদানের চলচ্চিত্র নির্মাণ করতে পারেননি। এটি দুঃখজনক। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে অনুদানের চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ ও নূর মো. মাহবুবুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানিসহ অনুদানের জন্য মনোনীত চলচ্চিত্রের প্রযোজকরা । 

অনুষ্ঠানে সরকারি অনুদানের জন্য মনোনীত ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে প্রথম কিস্তিতে ১৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে প্রথম কিস্তিতে ৬ লাখ টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকার মঞ্জুরিপত্র দেওয়া হয়। পাশাপাশি  চলচ্চিত্র নির্মাণ সাপেক্ষে প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে চার কিস্তিতে মোট ৭৫ লাখ টাকা এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে চার কিস্তিতে মোট ২০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
