# শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে বাঁধন বললেন, গল্পটা অনুপ্রাণিত করেছিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-20
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sekh-hasinar-sngoe-chbi-prkas-kre-banndhn-bllen-glpta-onupranit-krechil](https://dailyfulki.com/article/sekh-hasinar-sngoe-chbi-prkas-kre-banndhn-bllen-glpta-onupranit-krechil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1430.md](https://dailyfulki.com/news/1430.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর বিজয়োল্লাসে মেতেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রিকশায় চড়ে ঘুড়ে বেড়িয়েছেন গোটা ঢাকা শহর। ফলে প্রতিনিয়ত আওয়ামী লীগ সমর্থকের তোপের মুখে পড়তে হচ্ছে এই অভিনেত্রীকে।

বুধবার ফেসবুকে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন বাঁধন। যেখানে তিনি জানিয়েছেন, একটা সময় শেখ হাসিনাকে ভালোবাসতেন।

ছবি প্রকাশ করে বাঁধন লিখেছেন,  ‘এই ছবিটা? ওই সময় আমি মজা করে তাকে বলেছিলাম-অনেকে ভাবছে আমরা নাকি আগে থেকে ঠিক করে একই রঙের পোশাক পরেছি। তিনি তখন হেসেছিলেন। সেই হাসিটা তখন আমার কাছে সত্যি মনে হয়েছিল। সেই মুহূর্তে তিনি আমাদের একজন বলে মনে হয়েছিল।’

বাঁধন বলেন, ‘তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন, শরণার্থী হিসেবে জীবন কাটিয়েছেন, তবুও সেই দেশেই ফিরে এসেছেন-যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস খুব কম মানুষই দেখাতে পারে। কিন্তু সময়ের সাথে আমি দেখেছি, ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘শুধু তার সঙ্গে হাসলাম মানে এই নয় যে, আমি প্রধানমন্ত্রী হওয়ার পথে আছি! তাহলে আমার সহকর্মী আওয়ামী লীগ নেতারা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি-মানুষের কথা বলি। আমি দেশের মানুষের পাশে আছি। আপনারা কেন আমাকে নিয়েই এত ব্যস্ত? জানি, হয়তো আপনারা আর রাজনীতিতে ফিরতে পারবেন না, কিন্তু অন্তত মানুষ হিসেবে আচরণ তো করতে পারেন। ছাড়পত্র-এর দায়িত্বে যারা আছেন, তাদের জিজ্ঞেস করুন ২০২৪ সালের নির্বাচনে তারা আমাকে কী প্রস্তাব দিয়েছিল। মানুষের মতো আচরণ করা কঠিন হয়ে গেছে। কারণ, অনেকে আর মানুষ নেই। কিন্তু চেষ্টা করলে সম্ভব। একজন প্রকৃত নেতা হোন, মানুষ হোন।’

সমালোচনার জবাবে বাঁধন বলেন, ‘আমাকে যেভাবে আক্রমণ করেছেন, দেশের নারীদের সঙ্গেও আপনারা ঠিক এভাবেই আচরণ করেন। যান, চালিয়ে যান এইসব বাজে কথা! আপনারা জিতেছেন-অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই? নাকি ঠিক করেছেন, যে সবচেয়ে খারাপ মানুষ, তাকেই আপনারা ক্ষমতায় এনে সংসদ সদস্য বানাবেন?’

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
