# জাবিতে মেয়াদোত্তীর্ণদের হল থেকে নামাতে অভিযান, বাধার মুখে প্রশাসন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-17
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabite-meyadotteernder-hl-theke-namate-ovizan-badhar-mukhe-prsasn](https://dailyfulki.com/article/jabite-meyadotteernder-hl-theke-namate-ovizan-badhar-mukhe-prsasn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1322.md](https://dailyfulki.com/news/1322.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে মেয়াদোত্তীর্ণদের বের করতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অভিযান পরিচালনার সময় দুই দফায় বাধার মুখে পড়ে।

শনিবার রাত নয়টা থেকে আ ফ ম কামালউদ্দিন হলে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন একত্রে অভিযান শুরু করে। চারতলা থেকে অভিযান শুরু হয়। এসময় বেশ কয়েকটি কক্ষ সিলগালা করা হয়। সেই সাথে হলে অবস্থানরত মেয়াদোত্তীর্ণদের রোববার সকাল দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন।

অভিযান পরিচালনার সময় আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, উপ–উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ ও উপ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

এদিকে চারতলা অভিযান শেষ করে তিনতলায় অভিযান পরিচালনার সময় সদ্য শিক্ষা কার্যক্রম শেষ হওয়া ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের (৪৮ ব্যাচের) শিক্ষার্থীদের বাধার মুখে পরে প্রশাসন। এ সময় ইংরেজি বিভাগের শেখ হাফিজুর রহমান ৪৮ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে হল প্রাধ্যক্ষের কাছে ৪৮ ব্যাচের শিক্ষার্থীদের দাবি তুলে ধরেন। এ সময় তারা মেয়াদোত্তীর্ণ অন্য সকল ব্যাচের শিক্ষার্থীদের বের করার পর ৪৮ ব্যাচের শিক্ষার্থীদের হল থেকে বের করার দাবি জানান। সেই সাথে সব হলে একযোগে অভিযান পরিচালনা করতে বলেন। এসময় হল প্রভোস্ট, উপ-উপাচার্য (প্রশাসন)-এর সাথে তাদের বাগবিতণ্ডা হয়।

এদিকে হলে অভিযান শেষে প্রভোস্ট কক্ষে অবস্থানকালে সেখানে কয়েকটি হল থেকে এসে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের (৪৭ ব্যাচের) শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।

রাত সাড়ে ১১টার দিকে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে কথা না বলে ফিরে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের গাড়িতে কয়েকজন মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী আঘাত করে। এতে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার একপর্যায়ে হলের একদল মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী হল ছাড়বেন না জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর অভিযান পরিচালনায় অংশ নেয়া শিক্ষকরা হলের প্রাধ্যক্ষ কক্ষে আলোচনায় বসেন। আলোচনার একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব নিজের গাড়িতে করে চলে যাচ্ছিলেন। তখন মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের কয়েকজন তার গাড়িতে হাত দিয়ে আঘাত করেন।

এই পরিস্থিতিতে অধ্যাপক আব্দুর রব গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণের মধ্যে সেখানে প্রক্টর আসেন এবং ‘এটা কোন ধরনের আচরণ’ তা জানতে চান। তখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা এসে শিক্ষার্থীদের শান্ত করেন। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের অনেকে আরও কিছু দিন হলে থাকতে চান।

বিক্ষোভকারী মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই তারা গণরুমে ছিলেন দুই থেকে তিন বছর। ওই সময়টা তাদের জীবন থেকে নষ্ট হয়েছে। তাদের পড়াশোনা শেষ হয়েছে। এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তারা এখনই হল ছাড়বেন না। তাদের আরেকটু সময় প্রয়োজন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচন সুষ্ঠু করতে আমরা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছি। হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
