# আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, গ্রেপ্তার ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-posak-karkhanay-vangcur-greptar-2](https://dailyfulki.com/article/asuliyay-posak-karkhanay-vangcur-greptar-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1305.md](https://dailyfulki.com/news/1305.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

**আশুলিয়া প্রতিনিধি :** আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার সন্ধ্যার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।

শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।

গ্রেপ্তাররা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর বাউচার এলাকার আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) ও নীলফামারীর ডিমলা থানার দোহারপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)। তারা আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়,  বৃহস্পতিবার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গ্রুপের একটি পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। পরে শুক্রবার সন্ধ্যার দিকে যৌথ বাহিনীর একটি দল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার দুইজনকে রাতে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
