# রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-16
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajsaheete-zouth-bahineer-ovizane-ostr-boma-toirir-srnjam-uddhar-atk-3](https://dailyfulki.com/article/rajsaheete-zouth-bahineer-ovizane-ostr-boma-toirir-srnjam-uddhar-atk-3)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1295.md](https://dailyfulki.com/news/1295.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী নগরের কাদিরগঞ্জে একটি কোচিং সেন্টার ঘিরে রেখে যৌথ বাহিনীর অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়।

এ সময় আটক হন মোন্তাসেবুল আলম আনিন্দো নামের এক তরুণ। তিনি একজন ইংরেজি শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক। এছাড়াও মো. রবিন ও মো. ফয়সাল নামের আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটক আনিন্দো কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।

দুপুরে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার সেট, ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ এবং এগারোটি নাইট্রোজেন কার্টিজ। পরে এগুলো তাজা অবস্থায় থাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক মোন্তাসেবুল আলম আনিন্দো রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে।

 

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
