# সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ গাড়িচালকের প্লট বরাদ্দ বাতিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sabek-prdhanmntree-sekh-hasinar-karzalzer-15-gadicalker-plt-bradd-batil](https://dailyfulki.com/article/sabek-prdhanmntree-sekh-hasinar-karzalzer-15-gadicalker-plt-bradd-batil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1270.md](https://dailyfulki.com/news/1270.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ জন গাড়িচালকের নামে দেওয়া প্লট বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাঁদেরকে মোট ৫১ কাঠার প্লট দেওয়া হয়েছিল।

 

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নুরুল আমিনের স্বাক্ষরিত চিঠিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এসব প্লট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে গঠিত দুটি তদন্ত কমিটি সম্প্রতি তাঁদের তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, আবেদনকারীরা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী প্রকল্পের নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালা লঙ্ঘন করে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ পেয়েছেন। দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে ১৫ জন গাড়িচালকের নামে দেওয়া সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করা হয়।

 

যাঁদের প্লট বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন গাড়িচালক বোরহান উদ্দিন, মো. বেলাল হোসেন, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, মতিউর রহমান, নুর হোসেন, মাহবুব হোসেন, মো. শাহীন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল ইসলাম ও রাজন মাদবর। তাঁদের নামে তিন কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ছাড়া গাড়িচালক নুরুল আলম, নুর নবী ও মো. শাহীনের নামে বরাদ্দকৃত ৫ কাঠার প্লটও বাতিল করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
