# আশুলিয়ায় আন্দোলনের মুখে ১৫ কারখানায় ছুটি ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-14
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asulizaz-andolner-mukhe-15-karkhanaz-chuti-ghoshna](https://dailyfulki.com/article/asulizaz-andolner-mukhe-15-karkhanaz-chuti-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1265.md](https://dailyfulki.com/news/1265.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় পাওনা বেতনের দাবিতে মহাসড়কে নেমে এসে অবরোধ করেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিতপুর ইটখোলা এলাকার শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করেন।

শিল্প পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর শ্রমিকদের একটি অংশ পাশের কারখানাগুলোর শ্রমিকদেরও আন্দোলনে আনার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধের আগে নাসা গ্রুপ কর্তৃপক্ষ গত ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করে। আজ  (১৪ আগস্ট) বেতন দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে গেটে আবারও চার দিনের ছুটির নোটিশ টানিয়ে দেয়। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তারা।

কর্তৃপক্ষের দেয়া নোটিশে বলা হয়, অনিবার্য কারণে আজ ১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত কারখানার সব বিভাগ ও শাখায় (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারণ ছুটি বাড়ানো হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার থেকে যথারীতি কারখানা চালু থাকবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, আন্দোলনের মুখে ১৫ টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
