# বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির শঙ্কা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-08
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/banglades-sreelnka-mzace-brrishtir-snka](https://dailyfulki.com/article/banglades-sreelnka-mzace-brrishtir-snka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/123.md](https://dailyfulki.com/news/123.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আজ ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে শক্তির পাশাপাশি ভাগ্যও হতে পারে গুরুত্বপূর্ণ। কারণ, ম্যাচ শুরুর আগেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, পাল্লেকেলেতে আজ বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। দুপুরের পর থেকেই মেঘলা আবহাওয়া থাকার কথা, সঙ্গে থাকবে উষ্ণতা ও আর্দ্রতা। দিনের তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হবে প্রায় ৩৫ ডিগ্রি। আকাশে ৭০ শতাংশ মেঘাচ্ছন্নতার পূর্বাভাসও দিয়েছে ওয়েদার প্ল্যাটফর্ম ‘আকুওয়েদার’।

 

 

এই মাঠে ব্যাটিংবান্ধব উইকেট হলেও অতীত বলছে, বৃষ্টি এখানে নিয়মিত অতিথি। সর্বশেষ পাঁচটি ওয়ানডের প্রতিটিতেই কোনো না কোনোভাবে ম্যাচের দৈর্ঘ্যে প্রভাব পড়েছে বৃষ্টির কারণে। শেষ ম্যাচ তো সরাসরিই পরিত্যক্ত হয়েছিল।

এখনকার স্কোয়াডে থাকা অনেক টাইগার ক্রিকেটারের জন্যও পাল্লেকেলে কিছুটা অপরিচিত। ২০১২ সালের টি২০ বিশ্বকাপে প্রথম আর ২০২৩ সালে এখানে শেষ ম্যাচ খেলেছেন মিরাজরা। এই মাঠে একটি ওয়ানডে জয়ের রেকর্ড আছে টাইগারদের। এক যুগ আগে ২০১৩ সালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডাকওয়ার্থ লুইসের নিয়মে ৩ উইকেটে জিতেছিলেন মুশফিকুর রহিমরা। সর্বশেষ এখানে খেলতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১৬৪ রানে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
