# শেখ হাসিনাসহ ছয়জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sekh-hasinash-chyjner-biruddhe-khulnaz-rashtrdroh-mamla](https://dailyfulki.com/article/sekh-hasinash-chyjner-biruddhe-khulnaz-rashtrdroh-mamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1223.md](https://dailyfulki.com/news/1223.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ছয় নেতার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পুলিশ। সোমবার খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন মহানগর গোয়েন্দা পুলিশের এস আই বিধান চন্দ্র রায়। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম।

 

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এস এম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। 

 

 

মামলার এজাহারের বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে ‘রখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল।

 কেএমপি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ৪ আগস্ট মামলার অনুমতি পায় কেএমপি। সোমবার এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় ৬ জনের নাম উল্লেখসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
