# সাভারে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-26
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-bidesi-md-oo-yabash-madk-karbari-greptar](https://dailyfulki.com/article/savare-bidesi-md-oo-yabash-madk-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12174.md](https://dailyfulki.com/news/12174.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেটসহ মো. ইউনুছ ওরফে মহসিন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ৭৫০ মিলিলিটারের দুটি বোতলে মোট দেড় লিটার বিদেশি মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে সাভার মডেল থানাধীন বনগাঁও ইউনিয়নের কোন্ডা নয়ানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

গ্রেপ্তার মো. ইউনুছ ওরফে মহসিন সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা নয়ানগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী।

পুলিশ জানায়, ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইমরান হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বনগাঁও ইউনিয়ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কোন্ডা নয়ানগর গ্রামের জনৈক শাহাদাতের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন হিসেবে ইউনুছ ওরফে মহসিনকে আটক করে তল্লাশি চালালে তাঁর হেফাজত থেকে ভারতের তৈরি দুটি বোতল বিদেশি মদ ও একটি সাদা স্বচ্ছ পলিথিনে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা মদের একটি বোতলে 'এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি' এবং অন্য বোতলে 'আইস বেয়ার ইট অল ভদকা' লেখা ছিল। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মোট দেড় লিটার মদ পাওয়া যায়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১১ হাজার টাকা।

এ বিষয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মদ ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এসব মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। মাদক কারবারি ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
