# শীতকালীন সবজির সরবরাহ ও ডিমের উৎপাদন বৃদ্ধি, কমছে ডিমের দাম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-26
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/seetkaleen-sbjir-srbrah-oo-dimer-uttpadn-brriddhi-kmche-dimer-dam](https://dailyfulki.com/article/seetkaleen-sbjir-srbrah-oo-dimer-uttpadn-brriddhi-kmche-dimer-dam)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12167.md](https://dailyfulki.com/news/12167.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শীতকালীন সবজির আগাম সরবরাহ এবং মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধির প্রভাবে বাজারে ডিমের দাম কমতে শুরু করেছে। গত এক মাসে প্রতি ডজন ডিমের দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা। এতে বিপাকে পড়েছেন খামারিরা। তাদের আশঙ্কা, শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে ডিমের দাম আরও কমতে পারে।

গত ৬ নভেম্বর রংপুরে খামারপর্যায়ে প্রতিটি বাদামি ডিম বিক্রি হয়েছে ৯ টাকা ৪০ পয়সা থেকে ১০ টাকা ২৫ পয়সা দরে। এক মাস আগে এ দাম ছিল ১১ টাকা। অন্যদিকে, ঢাকার খুচরা বাজারে একই ধরনের ডিমের দাম কমে প্রতিটি ১০ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে, যা এক মাস আগে ছিল ১৩ টাকা ৩০ পয়সা। খামারিদের হিসাবে, প্রতিটি ডিম উৎপাদনে তাঁদের খরচ পড়ে প্রায় ৯ টাকা ৫০ পয়সা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীতকালে বাজারে বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বাড়লে ডিমের চাহিদা স্বাভাবিকভাবেই কমে যায়। কারণ, তুলনামূলক কম দামে সবজি পাওয়া গেলে অনেক ভোক্তা ডিমের পরিবর্তে সবজি কেনার দিকে ঝোঁকেন। এ ছাড়া শীতকালে মুরগির ডিমের উৎপাদনও বাড়ে। ফলে একদিকে চাহিদা কমে, অন্যদিকে সরবরাহ বাড়ে। এর সম্মিলিত প্রভাব পড়ে ডিমের বাজারদরে।

তাদের মতে, ডিমের দাম বাড়লে অনেকেই বাজারে সিন্ডিকেটের কারসাজির অভিযোগ তোলেন। কিন্তু দাম কমে গেলে বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। প্রকৃতপক্ষে চাহিদা ও সরবরাহের পরিবর্তন ডিমের দামের ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রংপুর সদর উপজেলার হাসনাবাদ এলাকার খামারি আমিনুর রহমান (৪৮) তিনটি শেডে সাত হাজার লেয়ার মুরগি পালন করছেন। চার বছর আগে বাবার তামাক ব্যবসা ছেড়ে দুই হাজার মুরগি নিয়ে খামার শুরু করেন তিনি। বর্তমানে তার খামারে মুরগির ডিম উৎপাদনের হার ৯২ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০টি মুরগি থেকে প্রতিদিন গড়ে ৯২টি ডিম পাওয়া যাচ্ছে।

তবে উৎপাদন ভালো হলেও ডিমের দাম কমে যাওয়ায় উদ্বিগ্ন তিনি। আমিনুর রহমান বলেন, সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় ডিমের দাম কমেছে। আগে প্রতিটি ডিম ১১ টাকা ৮০ পয়সায় বিক্রি হলেও এখন দাম নেমে এসেছে ৯ টাকায়। সস্তায় সবজি পাওয়া গেলে মানুষ ডিম কম কেনে। শীতকালীন সবজির ভরা মৌসুম শুরু হলে দাম আরও কমে যাওয়ার আশঙ্কা করছি।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরাদহ গ্রামের মোহাম্মদ মুকুলের ছেলে রোকনুজ্জামান মুগ্ধ (২৩) কৃষিবিজ্ঞানে স্নাতক পর্যায়ে পড়াশোনার পাশাপাশি পারিবারিক খামারের দায়িত্ব পালন করছেন। তাদের খামারে রয়েছে নয় হাজার লেয়ার মুরগি। ২০১৪ সালে তার বাবা এক হাজার মুরগি নিয়ে খামার শুরু করেছিলেন।

মুগ্ধ বলেন, এত আগেই ডিমের দাম কমে যাবে, তা ভাবিনি। শীতকালে মুরগি তুলনামূলক বেশি ডিম দেয়। পাশাপাশি বাজারে সবজির সরবরাহ বাড়লে সাধারণত ডিমের দাম কমে যায়। আমাদের খামারের ডিমের দামও প্রতিপিসে প্রায় দুই টাকা কমেছে। অথচ সবজির ভরা মৌসুম এখনো শুরু হয়নি।

তার বাবা মোহাম্মদ মুকুল বলেন, বাজার নিয়ে আমি খুব বেশি চিন্তা করি না। নিজের খামার ও ব্যবসার দিকে মনোযোগ দিই। লেয়ার মুরগির খামার দীর্ঘমেয়াদি বিনিয়োগ। স্বল্পমেয়াদে ব্যবসায় হতাশার পরিস্থিতি তৈরি হতে পারে। বাজারদর কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না, বাজারই তা নির্ধারণ করে।

রংপুরের পীরগাছা উপজেলার পরান এলাকার স্কুলশিক্ষক ও পোলট্রি খামারি খন্দকার আবু সাঈদ ২০১১ সালে এক হাজার মুরগি নিয়ে লেয়ার খামার শুরু করেন। বর্তমানে তার ২০ হাজার মুরগির মধ্যে প্রায় ১৭ হাজার ডিম দিচ্ছে।

ডিমের দামের মৌসুমি ওঠানামার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গ্রীষ্মকালে সবজি ও মাছের উৎপাদন কমে গেলে ডিমের চাহিদা বাড়ে। ওই সময় সাধারণত ডিমের উৎপাদনও তুলনামূলক কম থাকে। ফলে দাম বেড়ে যায়। অন্যদিকে, শীতকালে সবজির সরবরাহ প্রচুর থাকে। এ সময় বাণিজ্যিকভাবে মুরগির ডিমের উৎপাদন অন্তত ৫ শতাংশ এবং হাঁসের ডিমের উৎপাদন প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ে। ফলে বাজারে ডিমের সরবরাহ বেড়ে গিয়ে দাম কমে যায়।

রংপুরের তারাগঞ্জ বাজারের ডিম ব্যবসায়ী আবদুস সালাম (৩৫) বলেন, এক মাস আগেও তিনি প্রতিদিন ১১ টাকা দরে সাত থেকে আট হাজার ডিম বিক্রি করতেন। কিন্তু তার এলাকায় প্রতিটি ডিমের দাম প্রায় দেড় টাকা কমলেও এখন দিনে পাঁচ হাজারের বেশি ডিম বিক্রি করতে পারছেন না।

তিনি বলেন, কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষের আয় কমেছে। শীতকালে তারা তুলনামূলক বেশি সবজি কেনেন। এ কারণে ডিমের চাহিদা কমে গেছে।

নীলফামারীর সৈয়দপুরের ব্যবসায়িক কেন্দ্রের একজন ডিমের পাইকারি বিক্রেতা শফিকুল ইসলাম (৫৪) বলেন, ডিমের দাম মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি এবং সবজির সহজলভ্যতার কারণে দাম কমেছে।

তিনি আরও বলেন, বাজারের প্রকৃত পরিস্থিতি না বুঝেই অনেকে ডিমের দামের ওঠানামার জন্য উৎপাদক ও ব্যবসায়ীদের দায়ী করেন।

কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, সবজি ও ডিম অনেক ক্ষেত্রে পরস্পরের বিকল্প পণ্য হিসেবে কাজ করে। শীতকালে বাজারে সবজির সরবরাহ বাড়লে ভোক্তারা সবজি বেশি কেনেন এবং ডিম কেনা কমিয়ে দেন। এতে ডিমের চাহিদা কমে যায়, যার প্রভাব পড়ে দামে।

তিনি বলেন, চলতি বছরের শুরুতে গ্রীষ্মকালে অতিবৃষ্টির কারণে সবজির ক্ষেত পানিতে তলিয়ে যায়। এতে সবজির সরবরাহ কমে যায়। তখন ভোক্তারা বেশি ডিম কিনতে শুরু করেন। ডিমের চাহিদা বাড়ায় দামও বেড়ে যায়।

ডিমের বাজারদর সব সময় স্থিতিশীল থাকবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মনে করেন কাজী জাহিন হাসান। তার ভাষায়, অনেক সরকারি কর্মকর্তা ডিমের দাম স্থিতিশীল রাখার প্রত্যাশা করেন। কিন্তু বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হলে দাম কমবে, আর চাহিদা সরবরাহের চেয়ে বেশি হলে দাম বাড়বে। বাজারের স্বাভাবিক নিয়মই এ ক্ষেত্রে কাজ করে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
