# ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/iuenooder-niye-smmeln-1-disembr](https://dailyfulki.com/article/iuenooder-niye-smmeln-1-disembr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12150.md](https://dailyfulki.com/news/12150.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামের এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ইউএনওরা। পাশাপাশি দেশসেরা ২০ জন ইউএনওকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।

 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

মাঠ প্রশাসনকে আরো সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে দেশের ৫০২ জন ইউএনও অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি।

 

সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নেবেন।

[ ](https://www.kalerkantho.com/online/sport/2026/11/25/1772510)

কর্ম অধিবেশনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্মেলনে ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জন ইউএনওকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন।

 

এ ছাড়া প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

 

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মূল পর্ব শুরু হবে। এতে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রদর্শন এবং দিনব্যাপী কর্ম অধিবেশনের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। মুক্ত আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

[ ](https://www.kalerkantho.com/online/campus-online/2026/11/25/1772508)

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানান, উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবার মান বাড়ানোই এ সম্মেলনের মূল লক্ষ্য। একই সঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে গাড়ি ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো সরকারপ্রধানের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
