# রয়টার্সের প্রতিবেদন : ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-24
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rytarser-prtibedn-16-disembr-rashtreez-bimane-dese-firte-can-sekh-hasina](https://dailyfulki.com/article/rytarser-prtibedn-16-disembr-rashtreez-bimane-dese-firte-can-sekh-hasina)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12121.md](https://dailyfulki.com/news/12121.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।

এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন হাসিনা। এতে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে। দেশটিতে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ  এবং এ মাসের শুরুতে হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে সহিংসতা বেড়েছে।

বাতিল হয়ে যাওয়া এসব কাগজপত্র চাওয়ার পাশাপাশি হাসিনা সরকারকে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তার ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এখন তিনি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, দিল্লি থেকে ঢাকায় তার বিমানযাত্রার ব্যবস্থা করতে।

তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা সম্ভব করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক সাড়া দেননি। রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থেকে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
