# শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২১ পোশাক কারখানা বন্ধ, আরও ৯টিতে ছুটি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/srmik-osntoshe-savar-asuliyay-21-posak-karkhana-bndh-aroo-9tite-chuti](https://dailyfulki.com/article/srmik-osntoshe-savar-asuliyay-21-posak-karkhana-bndh-aroo-9tite-chuti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12100.md](https://dailyfulki.com/news/12100.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শ্রমিক অসন্তোষের মধ্যেও সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে সহস্রাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া রোববার কাজে যোগ দিয়েও শ্রমিকেরা উৎপাদনকাজে অংশ না নেওয়ায় আরও ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। পরে তা নরসিংহপুর, ছয়তলা ও কাঠগড়া এলাকা ছাড়িয়ে সাভারের হেমায়েতপুর ও ওলাইল এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছড়িয়ে  পড়ে। এসব এলাকার দেড় শতাধিক কারখানার শ্রমিকেরা বিভিন্ন সময়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় জড়ান। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে।

তবে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কারখানাসহ শিল্পাঞ্চলের এক হাজারের বেশি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত আছে।
শিল্প পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠন করা হয় মজুরি বোর্ড। এসব উদ্যোগের ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে নরসিংহপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ আরও জানায়, রোববার সকালে হা-মীম গ্রুপের কয়েকটি কারখানাসহ আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। এ পরিস্থিতিতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার ৯টি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আশুলিয়ার একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, সে তুলনায় তাঁদের বেতন অনেক কম। এই বেতনে কোনোরকমে খেয়ে-পরে বেঁচে থাকাই কঠিন। এর মধ্যে সন্তানদের লেখাপড়া কিংবা পরিবারের কারও চিকিৎসার প্রয়োজন হলে ধারদেনা করতে হয়। এমন পরিস্থিতিতে বেতন বৃদ্ধি তাঁদের ন্যায্য দাবি। এ কারণে তাঁরা সরকারের কাছে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সহস্রাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত আছে। তবে শ্রমিক অসন্তোষের কারণে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। রোববার আরও ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
