# প্রেমের টানে চীনের নাগরিক দিনাজপুরে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/premer-tane-ceener-nagrik-dinajpure](https://dailyfulki.com/article/premer-tane-ceener-nagrik-dinajpure)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1210.md](https://dailyfulki.com/news/1210.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : এক বছর আগে ‘হ্যালো ট্যাগ’ অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী সুরভী আক্তারের সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক ইয়ং সাও সাওয়ের। গুগল ট্রান্সলেটের মাধ্যমে শুরু হয় তাদের কথোপকথন। আস্তে আস্তে সেটি রূপ নেয় ভালোবাসায়। আর সেই ভালোবাসার টানে বাংলাদেশের দিনাজপুরে এসেছেন ইয়ং সাও সাও। এবং বাংলাদেশি তরুণী সুরভীকে বিয়ে করে দিনাজপুরের বিরল উপজেলার কাজীপাড়া শিমুলতলী এলাকায় বসবাসও করছেন। 

সুরভী আক্তার (১৯) ওই এলাকার নুর হোসেন বাবুর বড় মেয়ে। আর ইয়ং সাও চীনের জিয়াংশু সিটির বাসিন্দা মৃত ইয়াং শি এবং মা লিও ট্যাংহু দম্পতির ছেলে। 

 

গত ৪ আগস্ট ইয়ং সাও বাংলাদেশে আসেন এবং ৯ আগস্ট প্রেমিকাকে বিয়ে করেন বলে জানা গেছে। 

সরেজমিনে সুরভীর বাড়ীতে গিয়ে দেখা যায়, আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশু-বয়স্ক সকলেই এসেছেন ইয়ং সাওকে দেখতে। কেউ কেউ কথা বলার চেষ্টা করছেন। এ সময় নতুন জামাই মোবাইল ট্রান্সলেট ব্যবহার করে উত্তর দিচ্ছেন। কেউ কেউ সেলফি ও ভিডিও করছেন। 

 

 

প্রেম ও বিয়ে নিয়ে সুরভী আক্তার বলেন, ‘হ্যালো ট্যাগ নামে একটি অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয়। তারপর শুরু হয় কথা, এক সময় শুরু হয় মন দেওয়া-নেওয়া। আমাদের সম্পর্ক এক বছর হলো। পরে সে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে জানাই, যদি আমার ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। পরে সে বাংলাদেশে আসে এবং আমাকে বিয়ে করে। আমার পরিবার ও এলাকাবাসী অত্যন্ত খুশি।’ 

সুরভীর ছোট বোন রিয়া আক্তার বলেন, ‘আমি খুব খুশি হয়েছি। আমার দুলাভাই চীনা নাগরিক। এটা আমার কাছে গর্ব করার মত। কারণ আমার বোনের ভালোবাসার টানে বাংলাদেশ এসেছে এবং বিয়ে করেছে। আমি দুলাভাইয়ের সঙ্গে মোবাইলে ট্রান্সলেট ব্যবহার করে কথা বলছি। আমার পরিবারের সবাই খুশি হয়েছি।’ 

সুরভীর বাবা নুর হোসেন বাবু বলেন, ‘আমার দুই মেয়ে। তারা মায়ের সঙ্গে ঢাকায় থাকে। আমার বড় মেয়ের সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয় এবং তারা একে অপরকে পছন্দ করে। বাংলাদেশে এসে সে আমার মেয়েকে বিয়ে করেছে। এটা জানার পর ৯ আগস্ট আমি তাদের ঢাকার গাজীপুর থেকে দিনাজপুরে নিয়ে এসেছি।’ 

 

স্থানীয় সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় বিদেশে জামাই। বিষয়টি অবশ্যই ভালো এবং গর্ব করার মতো। ইতিমধ্যে অনেকে আসছেন, দেখছেন, কথা বলছেন। ভালো লাগছে। আগে তো টিভিতে দেখেছি বিদেশে জামাই, আর এখন আমাদের এলাকায় বিদেশে জামাই।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
