# সাভারে শ্রমিক আন্দোলন, পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-srmik-andoln-platk-aleeg-empir-barite-2-srmik-neta-atk](https://dailyfulki.com/article/savare-srmik-andoln-platk-aleeg-empir-barite-2-srmik-neta-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12099.md](https://dailyfulki.com/news/12099.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা আরও দুটি মামলায় পাঁচ শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। এ নিয়ে সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা ১৯টি মামলায় মোট ১৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে পুলিশের সাতটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। এসব ঘটনায় আহত হন শিল্প ও জেলা পুলিশের প্রায় ৫০ সদস্য। শ্রমিক আহত হয়েছেন শতাধিক।

পুলিশ জানায়, হেমায়েতপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সদস্যদের ওপর হামলার মামলায় গ্রেফতার হয়েছেন গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস। তাদের রাজধানীর মিরপুর এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত সাবেক এক সংসদ সদস্যের মালিকানাধীন বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, আশুলিয়ার ঘোষবাগে পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম।

পুলিশের দাবি, গ্রেফতার নেতারা সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে সহিংসতা ছড়ানো এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করেছেন। তবে শ্রমিকদের ন্যায্য দাবি কিংবা সংগঠনের সদস্য হওয়ার কারণে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। এসব ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

তবে রোববার অনেকটাই স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায়। সকালে শ্রমিকদের নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও অব্যাহত রয়েছে।
তবে শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ রয়েছে বেশ কিছু পোশাক কারখানা। ২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ এবং ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার দুপুর পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পকারখানার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
