# আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন: আইনমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-21
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aleegke-nishiddhe-aingt-pdkshep-bibecnadheen-ainmntree](https://dailyfulki.com/article/aleegke-nishiddhe-aingt-pdkshep-bibecnadheen-ainmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12083.md](https://dailyfulki.com/news/12083.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগকে নিষিদ্ধ করার জন্য আইনগত পদক্ষেপের বিষয় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠান শেষে সাংবাদিক আইনমন্ত্রীকে প্রশ্ন করেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কিন্তু আওয়ামীলীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কী না।

 

জবাবে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এই বিষয়টি বিবেচনায় রয়েছে।

 

এসময় সাংবাদিকরা তাকে সম্প্রতি গোপালগঞ্জসহ সারাদেশে হামলার বিষয়ে আলাদা কোনো ট্রাইবুনাল গঠনের সুযোগ রয়েছে কী না জানতে চান।

আইনমন্ত্রী বলেন, আমরা খতিয়ে দেখছি আইনগত দিকগুলো। যেটা আইনি প্রক্রিয়া পারমিট করে, আমরা সেই পথে আগাবো।

 

এরপর সাংবাদিকরা শেখ হাসিনার মামলাগুলোর বিচারে কোনো ট্রাইবুনাল হবে কী না, জানতে চান। জবাবে তিনি বলেন, আলাদা ট্রাইব্যুনাল একজনের জন্য করার প্রয়োজন নাই। আইনি প্রক্রিয়ায় চলবে। আমরা একজনের জন্য আলাদা ট্রাইব্যুনাল করতে হবে সেটার পক্ষে না। যতগুলো আদালতে মামলা হয়েছে, যতগুলো জুরিসডিকশন আছে, ততগুলো ওখানেই বিচার হবে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই দেশকে এগিয়ে নিতে হবে।

আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘ সময় নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এ সময়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেসব ঘটনাকে ক্রসফায়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের অনেকেই এখনো ফিরে আসেননি। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় দিন কাটাচ্ছে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণ রাখবে। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে তরুণেরা রাজপথে যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা অনন্য। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধাকে হারাতে হয়েছে। প্রায় ৩০ হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
