# শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন কমিটি, নেতৃত্বে আমান-শিমুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-21
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/srmik-dler-51-sdszer-ntun-kmiti-netrritwe-aman-simul](https://dailyfulki.com/article/srmik-dler-51-sdszer-ntun-kmiti-netrritwe-aman-simul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12082.md](https://dailyfulki.com/news/12082.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করা হয়েছে।

 

আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিকে।

 

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

 

 

সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং যথাশীঘ্র কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

 

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে এবং আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করবে।

 

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।

 

এ ছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নতুন ইউনিয়ন গঠন ও সংগঠনে অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

 

সভায় উপস্থিত শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শ্রমিক দলের নেতৃত্ব দেওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের পাশাপাশি সারাদেশের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তারা নতুন আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেন।

 

সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন।

 

নতুন আহ্বায়ক কমিটির উল্লেখযোগ্য সদস্যরা: আহ্বায়ক আমান উল্লাহ আমান এমপি, সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
