# রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-19
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rohingoader-gnhtzar-daye-miyanmarke-doshee-sabzst-krl-aisije](https://dailyfulki.com/article/rohingoader-gnhtzar-daye-miyanmarke-doshee-sabzst-krl-aisije)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12059.md](https://dailyfulki.com/news/12059.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : মিয়ানমার মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা মামলায় গাম্বিয়া অভিযোগ করেছিল, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ রায় দেন। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ৯-৬ ভোটের সিদ্ধান্তে আদালত দেখতে পেয়েছেন, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার ঘটনা এটিই প্রথম। নাৎসি হলোকাস্টের পর কোনো আন্তর্জাতিক আদালত মাত্র চতুর্থবারের মতো গণহত্যার ঘটনা সংঘটিত হয়েছে বলে রায় দিলেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মামলাটি দায়ের করে। দেশটি অভিযোগ করেছিল, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। গাম্বিয়া আইসিজের কাছে আবেদন জানায়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে রায় দেওয়া হোক। একই সঙ্গে রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দেওয়ার আবেদন জানায় দেশটি।

 

অন্যদিকে মিয়ানমারের দাবি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশের বিভিন্ন পোস্টে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে তারা ওই অভিযান পরিচালনা করেছিল।

তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।

তিনি বলেন, ‘আদালত দেখতে পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।’

নির্দিষ্ট কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়ে কাজ করেছে।

আইসিজে বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার প্রমাণ থেকে ‘একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’ হলো, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি ‘উল্লেখযোগ্য অংশকে’ নিশ্চিহ্ন করার অভিপ্রায় ছিল তাদের।

আদালত আরও বলেন, সামরিক অভিযানে সশস্ত্র বেসামরিক নাগরিকদের অংশগ্রহণের সময় মিয়ানমারের গণহত্যার ঝুঁকি সম্পর্কে জানা উচিত ছিল।

আদালত বলেন, ‘এ কারণে গণহত্যা প্রতিরোধে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।’

 

ন্যায়বিচারের অপেক্ষায়

দ্য হেগ থেকে আলজাজিরার প্রতিবেদক স্টেপ ভায়েসেন জানান, আদালত অন্তত চারটি গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছেন। এগুলো হলো বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যা, লাখ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, এই জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর ক্ষতিসাধন এবং জন্মদান প্রতিরোধ।

বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৭ সালের অনেক আগে থেকেই রোহিঙ্গাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হতো। তাদের জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিতেও অংশ নিতে বাধ্য করা হয়েছিল বলে জানান তিনি।

স্টেপ ভায়েসেন বলেন, ‘বিচারক বিষয়টিকে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার খুব শক্তিশালী ব্যাখ্যা হিসেবে দেখেছেন।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, যেকোনো ধরনের ন্যায়বিচারের জন্য তারা ১০ বছর ধরে অপেক্ষা করছেন। তবে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও এটি গুরুত্বপূর্ণ। কারণ, গণহত্যার ঘটনা প্রমাণ করা অত্যন্ত কঠিন।’

আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, গণহত্যার যেকোনো মামলায় সবচেয়ে কঠিন বিষয় হলো, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রমাণ করা। এ ক্ষেত্রে প্রমাণের মানদণ্ড অত্যন্ত কঠোর।

তিনি উল্লেখ করেন, এর আগে আইসিজে কখনো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার সুনির্দিষ্ট অভিপ্রায় থাকার বিষয়ে রায় দেননি।

ক্যাডম্যান আলজাজিরাকে বলেন, ‘আদালত গণহত্যা সনদ এবং এতে উল্লেখিত বিধান অনুসরণ করে। আর এ ক্ষেত্রে প্রমাণের মানদণ্ড অনেক কঠোর।’

তিনি বলেন, আইসিজের রায়ের মধ্য দিয়েই বিষয়টির সমাপ্তি ঘটছে না। এরপর কী পদক্ষেপ নেওয়া হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাবে কি না, নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না কিংবা রায় কার্যকর নিশ্চিত করতে আদালত অন্য কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারবেন কি না, সেগুলো গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এখনো ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। এর মধ্যে বাংলাদেশের কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থীশিবিরে রয়েছেন ১২ লাখ রোহিঙ্গা।

সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাতায়াতের কারণে এই জনগোষ্ঠীর অনেক মানুষ এখনো বাস্তুচ্যুত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। 

সূত্র: আল জাজিরা

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
