# সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ২৪ মামলা, গ্রেফতার ৩০০

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-18
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-asuliyay-srmik-osntosher-24-mamla-greftar-300](https://dailyfulki.com/article/savar-asuliyay-srmik-osntosher-24-mamla-greftar-300)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12044.md](https://dailyfulki.com/news/12044.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার ; ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ঢাকার শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকেরা দুটি এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন। এর মধ্যে একটি স্থানে বুঝিয়ে এবং অন্য স্থানে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

এদিকে চলমান শ্রমিক বিক্ষোভের বিভিন্ন ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় এখন পর্যন্ত ২৪টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল নয়টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কের পাশে ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে একই এলাকার আলেয়া অ্যাপারেলস লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান শ্রমিকেরা।

এ ছাড়া সকাল সাড়ে আটটার পর ওই এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক চলে যান। তবে কয়েকজন শ্রমিক ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার পাশে অবস্থান নেন। পুলিশ তাদের সড়কের পাশ থেকে সরে যেতে বলে। এ সময় কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে নিজেদের দাবি তুলে ধরেন। পরে পুলিশ মাইক দিয়ে ঘোষণা করে, শান্তিপূর্ণভাবে সরে না গেলে বল প্রয়োগ করতে বাধ্য হবে। এরপর শ্রমিকেরা সেখান থেকে চলে যান।

অন্যদিকে বেলা সোয়া ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সারমিন গ্রুপের কারখানার সামনে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

সকাল ১০টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, সাভার ও আশুলিয়ার কিছু পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করেছে। কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, কয়েকটি স্থানে শ্রমিকেরা জড়ো হলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও বল প্রয়োগ করা হয়নি। শ্রমিকদের আন্দোলনের মধ্যে দুষ্কৃতিকারী বা যারা পরিস্থিতি ঘোলাটে করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার পর্যন্ত সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা হয়েছে। নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বুধবার সকালে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি বেশ শান্ত ছিল। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। অনেক কারখানায় তারা কাজ শুরু করেন। আবার অনেক কারখানায় কাজ শুরু না করে কার্ড পাঞ্চ করে নিচে নেমে আসেন।

মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ১০টি কারখানা বন্ধ রয়েছে। আর আজকের দিনের জন্য সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কাজ না করায় বুধবার ১৩টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। কারখানায় কাজ হচ্ছে না এমন কারখানার সংখ্যা ১১টি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
