# সিংগাইরে পচা মাংস ও নোংরা পরিবেশ, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-18
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-pca-mangs-oo-nongra-pribes-pannc-prtishthanke-jrimana](https://dailyfulki.com/article/singgaire-pca-mangs-oo-nongra-pribes-pannc-prtishthanke-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12039.md](https://dailyfulki.com/news/12039.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ফের মোবাইল কোর্টের অভিযানে দুটি মাংসের দোকান ও তিনটি মিষ্টির দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পচা ও দুর্গন্ধযুক্ত মাংস এবং মিষ্টির দোকানে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় এসব অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির।

অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত মাংসের দোকান দুটি হলো- আইনাল হক ও মোহাম্মদ আলীর দোকান। অন্যদিকে, মিষ্টির দোকান তিনটি হলো - কালা চান মিষ্টান্ন ভান্ডার, নিমাই চান মিষ্টান্ন ভান্ডার ও রাজীব সুইটস।

 এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির জানান, অভিযানে দুটি মাংসের দোকানে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস পাওয়া যায়। এ ছাড়া মিষ্টির দোকানগুলোতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

   প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে সিংগাইর  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
