# সিংগাইরে তিন দিনে মোবাইল কোর্ট, জরিমানা প্রায় ৬ লাখ টাকা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-17
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-tin-dine-mobail-kort-jrimana-pray-6-lakh-taka](https://dailyfulki.com/article/singgaire-tin-dine-mobail-kort-jrimana-pray-6-lakh-taka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12024.md](https://dailyfulki.com/news/12024.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযানে তিন দিনে বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পরিমাপে কারচুপি, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ইটভাটার অনিয়মের দায়ে এসব অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিংগাইর পৌর এলাকার বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির। অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য উৎপাদনের দায়ে বিসমিল্লাহ বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে পরিমাপে কারচুপির দায়ে পৌর এলাকার আজিমপুরে অবস্থিত কেএএইচ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।

এর আগের দিন সোমবার (১৬ নভেম্বর) পৌর বাজারে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মো. আমিনুর নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

তার একদিন আগে  রোববার (১৫ নভেম্বর) উপজেলার বায়রা ও বলধারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। ওই অভিযানও পরিচালনা করেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

এ ছাড়া গত ৯ নভেম্বর সিংগাইর বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি উপকরণ ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে আপ্যায়ন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় বেকারির সঙ্গে সংশ্লিষ্ট জিয়াউল হককে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন - সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী 
ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির।

এ ব্যাপারে সর্বশেষ মোবাইলকোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বলেন, অপরাধের কোনো ছাড় নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
