# আশুলিয়ায় আঃ লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-a-leeger-jhtika-michile-smprrikttar-ovizoge-7-jn-greptar](https://dailyfulki.com/article/asuliyay-a-leeger-jhtika-michile-smprrikttar-ovizoge-7-jn-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12022.md](https://dailyfulki.com/news/12022.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বের হওয়া একটি ঝটিকা মিছিলে সম্পৃক্ত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) শফিউল আলম সোহাগ।

এর আগে রোববার (১৬ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টারদিকে আশুলিয়ার বকুলনগর ও পানদোয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ার বিশমাইল এলাকায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরবর্তীতে পুলিশ ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মিছিলে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে আশুলিয়ার বকুলনগর ও পানদোয়া এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সম্পৃক্ত ৭ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আশুলিয়ার গকুলনগর এলাকার মৃত ইয়ার আলীর ছেলে মো. রনি (৩৬), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বড়গাঁ এলাকার জিন্নাত আলী শরীফের ছেলে রাজু শরীফ (২৯), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খৈইলাপুরি এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৩৫), আশুলিয়ার গকুলনগর এলাকার জালাল সরদারের ছেলে মো. ইয়াসিন (১৯), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কাজলা এলাকার আবু তাহেরের ছেলে মো. আব্দুল কাদের (৩৫), জামালপুর জেলার সরিষাবাড়ী থানার হরখালী এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. শুভ মিয়া (৩০) এবং নড়াইল জেলার লোহাগড়া থানার আজমপুর এলাকার আলিম হোসেনের ছেলে মো. ফেরদৌস আলম (২৩)। গ্রেপ্তারকৃতদের অধিকাংশ আশুলিয়ার গকুলনগর এলাকায় বিভিন্ন বাড়িতে ভাড়া থেকে বসবাস করে আসছিলেন।

জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) শফিউল আলম সোহাগ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া নাশকতা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
