# আশুলিয়ায় নাশকতার প্রস্তুতিকালে ছাত্রলীগের ব্যানারসহ ১৭ জন আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-nasktar-prstutikale-chatrleeger-bzanarsh-17-jn-atk](https://dailyfulki.com/article/asuliyay-nasktar-prstutikale-chatrleeger-bzanarsh-17-jn-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12021.md](https://dailyfulki.com/news/12021.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৭ জনকে আটক করেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ১৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
এরআগে এদিন বেলা ১১টারদিকে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং মাঠ থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টারদিকে আশুলিয়ার কাঠগড়ার বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং মাঠে উঠতি বয়সী ২০ থেকে ২৫ জনের একটি দল জড়ো হয়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় ছাত্রদল নেতারা তাদের আটক করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পেঁৗঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি ব্যানার ও লাঠিসোঁটা জব্দ করা হয়।

আশুলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, “কিছু পোলাপান জোরপূর্বক হাউজিংয়ের ভেতর গাড়ি ঢোকানোর চেষ্টা করছিল। আমাদের দেখে অনেকে পালিয়ে যায়। ওরা ২০-২৫ জন ছিল। তাদের মোবাইল চেক করার পর দেখি ‘দুর্দিনের সৈনিক লীগ’-এ ধরনের বেশ কয়েকটি গ্রুপ রয়েছে, সবগুলোর নাম আমার মনে নাই। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিই। সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী ছুটে আসে। এ সময় তাদের হেফাজত থেকে ব্যানার ও এক ব্যাগ লাঠি উদ্ধার করা হয়। লাঠির ওপর লেখা ‘জিরাবো’।”

তিনি আরও বলেন, “উপর থেকে তাদের এসব সাপ্লাই দেওয়া হচ্ছিল, এ অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য তাদের পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞেস করা হলে, তারা স্বীকার করেন শ্রমিক আন্দোলনের সময় পিকআপ ভাঙচুরগুলো তারাই করেছে। পাশের যে ফ্যাক্টরিটা টেক্সটাউন, এটাও তারা ভাঙচুর চালিয়েছে।”

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। আটকদের মধ্যে কিছু কম বয়সী তরুণও রয়েছে। সার্বিক বিষয় খতিয়ে দেখে এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
