# ধামরাইয়ে অটোরিকশাচালক সায়েদুর রহমান হত্যায় দুজনের যাবজ্জীবন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-otorikshacalk-sayedur-rhman-htzay-dujner-zabjjeebn](https://dailyfulki.com/article/dhamraye-otorikshacalk-sayedur-rhman-htzay-dujner-zabjjeebn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12018.md](https://dailyfulki.com/news/12018.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে অটোরিকশাচালক সায়েদুর রহমান হত্যা মামলায় সদর আলী সোহরাব ও আলমগীর হোসেন নামের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় ঘোষণা করেন।

এ ছাড়া, ডাকাতির অপরাধে তাদের আলাদাভাবে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর সকালে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কুশুরা থেকে ধানতারা বাজারগামী পাকা সড়কের পাশের একটি ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সায়েদুর রহমান অটোরিকশাচালক ছিলেন। এ ঘটনায় ধামরাই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বাদী হয়ে ওই দিনই একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক আনিসুর রহমান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বিচার চলাকালে মামলাটিতে মোট ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
