# বিদেশি কর্মীদের গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-17
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bidesi-krmeeder-grin-karder-niym-kthor-krar-prstab-zuktrashtrer](https://dailyfulki.com/article/bidesi-krmeeder-grin-karder-niym-kthor-krar-prstab-zuktrashtrer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12014.md](https://dailyfulki.com/news/12014.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : বিদেশি কর্মীদের নিয়োগদাতার স্পনসরশিপে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন কর্মীদের খুঁজে বের করতে নিয়োগদাতাদের আরও কঠোর শর্ত পূরণ করতে হবে। উচ্চ দক্ষতা ও বেশি বেতনের চাকরিতে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর এ প্রস্তাব প্রকাশ করে। দপ্তরটি বলেছে, এর মাধ্যমে মার্কিন কর্মীদের সুরক্ষা আরও জোরদার হবে।

শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং এক বিবৃতিতে বলেন, ‘আমেরিকান কর্মীরা বিশ্বের সেরা এবং চাকরির ক্ষেত্রে প্রথম ও সেরা সুযোগগুলো পাওয়ার অধিকার তাঁদের রয়েছে। কিন্তু বিদ্যমান বিধিমালার কারণে অনেক প্রতিষ্ঠান মার্কিন কর্মীদের বিষয়টি পুরোপুরি বিবেচনা না করেই বিদেশি কর্মীদের স্পনসর করার সুযোগ পেয়েছে।’

তিনি আরও বলেন, প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের চাকরিতে বিদেশি কর্মীদের আগে মার্কিন কর্মীদের সুযোগ নিশ্চিত হবে।

শ্রম দপ্তর জানিয়েছে, প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো স্থায়ী শ্রম সনদ (পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন) কর্মসূচিতে বড় ধরনের বিধিবিধান সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, নিয়োগদাতাদের চাকরির বিজ্ঞাপন ছাপা পত্রিকার পরিবর্তে অনলাইনে প্রকাশ করতে হবে। পাশাপাশি অন্তত ৯০ দিন বিজ্ঞাপন প্রচার করতে হবে এবং যোগ্য মার্কিন কর্মী নিয়োগের জন্য আন্তরিকভাবে চেষ্টা চালানোর প্রমাণ দেখাতে হবে। বিদেশি কর্মীদের জন্য বিশেষভাবে উপযোগী করে চাকরির বিজ্ঞপ্তি তৈরির সুযোগও বন্ধ করা হবে।

এ ছাড়া, বর্তমানে কিছু পেশার ক্ষেত্রে শ্রমবাজার যাচাইয়ের বাধ্যবাধকতা ছাড়াই নিয়োগের সুযোগ রয়েছে। প্রস্তাবে সেই প্রশাসনিক ছাড় বাতিলের কথা বলা হয়েছে। এর আওতায় রয়েছেন ফিজিক্যাল থেরাপিস্ট, নার্স এবং বিজ্ঞান বা শিল্পকলায় অসাধারণ দক্ষতাসম্পন্ন কর্মীরা।

শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, যেসব নিয়োগদাতা গত দুই বছরে মার্কিন কর্মীদের ছাঁটাই করেছেন, তারা একই ধরনের বা কাছাকাছি পদে কর্মী নিয়োগের জন্য শ্রম সনদ চেয়ে আবেদন করতে পারবেন না।

প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর এ বিষয়ে মতামত জানানোর জন্য সংশ্লিষ্টদের ৬০ দিন সময় দেওয়া হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
