# আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-27-karkhanay-chuti](https://dailyfulki.com/article/asuliyay-27-karkhanay-chuti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12001.md](https://dailyfulki.com/news/12001.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে ট্রেন্ট সুজ পোশাক কারখানায় বহিরাগত শ্রমিকদের হামলায় আহত শ্রমিক সেলিম ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনার পর আশুলিয়া অঞ্চলের ২৭টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি রনজিত বিশ্বাসসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত সেলিমের সঙ্গে একই কারখানার আরও দুই শ্রমিক রাকিব ও লিমন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সেলিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আশুলিয়া অঞ্চলের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সোমবার দুপুরে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মো. সেলিম ইসলাম (৩১) আশুলিয়ার ট্রেন্ট সুজ কারখানার সুইং সেকশনের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ওসি জানান, গত ৪ নভেম্বর দুপুর ১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় অবস্থিত ট্রেন্ট সুজ (ফরচুন জিপার) কারখানায় হামলার ঘটনা ঘটে। মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকরা কারখানাটিতে হামলা চালালে সেলিম, রাকিব ও লিমন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে সেলিমের অবস্থা গুরুতর হওয়ায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ৫ নভেম্বর সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষে প্রিন্স সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলার এজাহারে রনজিত বিশ্বাসসহ অজ্ঞাতনামা দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পরে মামলার তদন্তে এজাহারনামীয় আসামি রনজিত বিশ্বাসসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুইয়ার দেওয়া তথ্য অনুযায়ী, সেলিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার আশুলিয়া অঞ্চলে আরও ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ওই অঞ্চলে মোট ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩টি কারখানায় সাধারণ ছুটি এবং একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া আরও ১৩টি কারখানায় সোমবারের জন্য কাজ বন্ধ রাখা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শতাধিক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
