# ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/valobasar-tane-goyalnde-ceena-trun](https://dailyfulki.com/article/valobasar-tane-goyalnde-ceena-trun)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11988.md](https://dailyfulki.com/news/11988.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজবাড়ী সংবাদদাতা : ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন জ্যাকি চেউং নামের এক যুবক। বিদেশি এই জামাইকে দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে উৎসুক মানুষ ভিড় করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে এসে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন জ্যাকি। এরপর ৩ নভেম্বর আইনি বিয়ে এবং ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কনে নার্গিস আক্তার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা এলাকার খোয়াজ খাঁর মেয়ে। অন্যদিকে, বর জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের বাসিন্দা ঝাং সিনহাইয়ের ছেলে এবং পেশায় একজন লরিচালক।

জানা যায়, নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলাম ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে জ্যাকির সহকর্মী ছিলেন। সেই সূত্রে ভাইয়ের মাধ্যমে নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় হয়। এরপর তিন-চার মাস মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

জ্যাকি চেউং জানান, নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সিদ্ধান্ত থেকেই তিনি বাংলাদেশে এসেছেন এবং স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে সংসার করতে চান। নার্গিসও পরিবারের সম্মতিতে এই বিয়ে হওয়ায় বেশ খুশি। পাসপোর্ট ও ভিসার আনুষ্ঠানিকতা শেষে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে জ্যাকির।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিয়েটির বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে পরিচয় ও তথ্য যাচাই করে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
