# গাজীপুরে ১৭ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-17-karkhana-bndh-12-platun-bijibi-motayen](https://dailyfulki.com/article/gajeepure-17-karkhana-bndh-12-platun-bijibi-motayen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11985.md](https://dailyfulki.com/news/11985.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিল্পাঞ্চলে নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান।

 

তিনি বলেন, ক্রমাগত অসন্তোষের জেরে শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজকের জন্য দুটি কারখানায় সাধারণ ছুটি (আজকের জন্য) ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে।

 

এদিকে সোমবার সকালে মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ বি এম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

 

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন।

 

এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় শ্রমিকরা সড়ক থেকে সরে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

 

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সোমবার গাজীপুরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গাজীপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চলে অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন আনসার সদস্য কাজ করছেন।

গাজীপুরে ছোট-বড় ৫ হাজার ২০০টি কারখানা রয়েছে। এর মধ্যে রেডিমেড (তৈরি পোশাক) কারখানার অনুমোদন পাওয়া কারখানার সংখ্যা দুই হাজারের বেশি। এর মধ্যে রপ্তানিমুখী কারখানা রয়েছে ৯০০টির বেশি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
