# বছরজুড়ে ১০ খেলাধুলা আয়োজনের নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bchrjure-10-kheladhula-ayojner-nirdes-sb-sikshaprtishthane](https://dailyfulki.com/article/bchrjure-10-kheladhula-ayojner-nirdes-sb-sikshaprtishthane)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11982.md](https://dailyfulki.com/news/11982.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর নিয়মিত খেলাধুলার আয়োজন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত নির্দেশনায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি এই ১০টি খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে অন্যান্য খেলাও আয়োজন করতে পারবে।

নথিপত্র অনুযায়ী, গত ৮ অক্টোবর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানকে আধা-সরকারি পত্র পাঠিয়ে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে খেলাধুলা চালুর প্রস্তাব দেন।

ওই চিঠিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী। উদাহরণ হিসেবে সিঙ্গাপুরের কথা উল্লেখ করে তিনি জানান, দেশটিতে শিক্ষাবর্ষের সঙ্গে সমন্বয় করে সারা বছর খেলাধুলা ও ফিটনেস মূল্যায়নের ব্যবস্থা রয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার সম্ভাবনার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর দফায় ক্রীড়া শিক্ষা ও খেলাধুলার প্রসারের প্রতিশ্রুতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) বিষয়টি তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্রস্তাবটি বাস্তবায়নের জন্য গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে ৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেয়।

এর ধারাবাহিকতায় মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে দেশের সব আঞ্চলিক পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
