# ধামরাইয়ে ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-kktel-petrol-bomash-chatrleeger-5-netakrmee-greptar](https://dailyfulki.com/article/dhamraye-kktel-petrol-bomash-chatrleeger-5-netakrmee-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11980.md](https://dailyfulki.com/news/11980.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

গ্রেপ্তারকৃতরা হলেন ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে শাকিবুল হাসান, ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান, ধামরাই বাথুলী এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা, ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে তারা সেখানে একত্রিত হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় ৫ জন গ্রেপ্তার হয়। এই সময় তাদের কাছ থেকে ৪টি ককটেল ও তিনটি পেট্রোল বোমা পাওয়া যায়। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
