# সাভার-আশুলিয়ায় উত্তেজনা কাটিয়ে কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-asuliyay-uttejna-katiye-karkhanay-fireche-krmcanclz](https://dailyfulki.com/article/savar-asuliyay-uttejna-katiye-karkhanay-fireche-krmcanclz)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11978.md](https://dailyfulki.com/news/11978.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : টানা কয়েক দিনের উত্তেজনা ও শ্রমিক অসন্তোষের পর আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে। রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রমও। তবে এ অঞ্চলে প্রায় ৮০০ পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ৫৫টি কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে। 

সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন পোশাকশ্রমিকেরা। কারখানাগুলোর ভেতরে মেশিন চালু রয়েছে এবং স্বাভাবিক গতিতে চলছে উৎপাদন।
তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিল্প এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
এদিকে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও উৎপাদন শুরু করেননি।

শিল্প পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলে অর্ধশতাধিক কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া পাঁচটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কাজ শুরু করেননি। বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
রবিবার সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, শিল্প পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পরিস্থিতি খুব ভালো। স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে। বিভিন্ন কারণে মালিকপক্ষ অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছে। সকাল থেকে সব জায়গায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শুধু পাঁচটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কাজ শুরু করেননি। 

এ ছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। মালিকসহ সবার চাওয়া, পোশাক খাতে স্থিতিশীলতা ফিরে আসুক।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগে যেসব কারখানা বন্ধ ছিল, সেগুলো এখনো বন্ধ। তবে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। যেসব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েও উৎপাদন শুরু করেননি, সেসবের মধ্যে প্রায় অর্ধশত কারখানায় শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় ‘নো ওয়ার্ক, নো পে’ পদ্ধতিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
