# সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-14
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/smnwzk-mahdeer-basaz-petrol-boma-hamlar-ovizog-pulis-blche-natk](https://dailyfulki.com/article/smnwzk-mahdeer-basaz-petrol-boma-hamlar-ovizog-pulis-blche-natk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11969.md](https://dailyfulki.com/news/11969.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এ ধরনের হামলার কোনো আলামত পায়নি পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন মাহদী হাসান। তার দাবি, পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এর পরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে সন্দেহ করেন তিনি।

ফেসবুক লাইভে মাহদী তার চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ার চিত্র দেখান। একই সঙ্গে মাটিতে পেট্রোলবোমার অংশ পড়ে আছে বলেও দাবি করেন।

মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

তবে তার অভিযোগ নাকচ করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি জানান, ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

ওসি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’

তিনি আরও জানান, মাহদী হাসানের বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সেখানকার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এতে চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
