# জেন জিদের প্রেমের নতুন নাম ‘ডেলুশনশিপ’

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-13
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jen-jider-premer-ntun-nam-delusnship](https://dailyfulki.com/article/jen-jider-premer-ntun-nam-delusnship)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11960.md](https://dailyfulki.com/news/11960.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রেমের সম্পর্ক নেই, নিয়মিত কথাও হয় না; অথচ মনের মধ্যে কাউকে ঘিরে তৈরি হয়েছে নানা কল্পনা। কখনো ভাবছেন, সেই মানুষটির সঙ্গে একদিন সম্পর্ক হবে, কখনো আবার মনে মনে সাজিয়ে ফেলছেন একসঙ্গে কাটানো ভবিষ্যতের গল্প।

বাস্তবে সম্পর্কের কোনো ভিত্তি না থাকলেও এমন কল্পনার জগতে ডুবে থাকার প্রবণতাকেই বলা হচ্ছে ‘ডেলুশনশিপ’ (Delusionship)। জেন জিদের মধ্যে পরিচিতি পাওয়া এই শব্দ এখন ডেটিং ও সম্পর্কবিষয়ক আলোচনায় বেশ আলোচিত।
‘ডেলুশনশিপ’ শব্দটি এসেছে ইংরেজি ‘Delusion’ ও ‘Relationship’ শব্দের সমন্বয়ে। সহজভাবে বললে, এটি এমন এক ধরনের কাল্পনিক সম্পর্ক, যেখানে একজন মানুষ নিজের মনে কাউকে নিয়ে প্রেমের গল্প তৈরি করেন।

কিন্তু অপর পক্ষ হয়তো এ বিষয়ে কিছুই জানেন না, কিংবা দুজনের মধ্যে আদৌ কোনো প্রেমের সম্পর্ক নেই।
 

কেন তৈরি হয় এমন সম্পর্ক?

কাউকে ভালো লাগা, তার প্রতি আকর্ষণ কিংবা একসঙ্গে সময় কাটানোর ইচ্ছা থেকেই এমন কল্পনার শুরু হতে পারে। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো ছবি বা পোস্ট দেখে তার প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর সেই ব্যক্তিকে নিয়ে নানা ভাবনা ও কল্পনা তৈরি হতে থাকে।

বাস্তবে যোগাযোগ না থাকলেও মনে মনে তাকে ঘিরে সম্পর্কের গল্প এগিয়ে চলে।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে কাউকে দূর থেকে অনুসরণ করা কিংবা তার অনলাইন উপস্থিতি থেকে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা তৈরির সুযোগ বেড়েছে। ফলে কখনো কখনো বাস্তব পরিচয়ের চেয়ে কল্পনার মানুষটির সঙ্গে আবেগের সংযোগ বেশি তৈরি হয়।

‘ডেলুশনশিপ’ আর একতরফা প্রেম কি এক?

দুটি বিষয় কাছাকাছি হলেও এক নয়। একতরফা প্রেমে একজন মানুষ অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু অপর পক্ষের কাছ থেকে একই ধরনের অনুভূতি পান না।

অন্যদিকে ‘ডেলুশনশিপ’-এ বাস্তব সম্পর্কের চেয়ে কল্পনার ভূমিকা বেশি। অর্থাৎ, কারও সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা বা তার সঙ্গে ভবিষ্যৎ জীবনের নানা দৃশ্য মনে মনে তৈরি করে নেওয়াই এর অন্যতম বৈশিষ্ট্য।
কখন সতর্ক হওয়া প্রয়োজন?

কাউকে পছন্দ করা কিংবা তাকে নিয়ে কল্পনা করা অস্বাভাবিক নয়। তবে সেই কল্পনা যখন বাস্তব জীবন, পড়াশোনা, কাজ কিংবা অন্য সম্পর্কের ওপর প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। নিজের অনুভূতি ও বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে পারা জরুরি।

সবশেষে, ‘ডেলুশনশিপ’ কোনো আনুষ্ঠানিক মনস্তাত্ত্বিক রোগনির্ণয় নয়; এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ও তরুণদের কথাবার্তায় ব্যবহৃত একটি অনানুষ্ঠানিক শব্দ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
